মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে 'বড় ছাড়' দিতে হবে: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, তেহরান যদি তাদের বর্তমান অবস্থানের ‘আমূল পরিবর্তন’ না করে, তবে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে জ্যঁ-নোয়েল বারো বলেন, ইরানের উচিত তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নিশ্চিত করা। এ ধরনের পরিবর্তন দেশটির সাধারণ মানুষকে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনা অনেকটা স্থবির হয়ে আছে। এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্সের পক্ষ থেকে এই কঠোর মন্তব্য এলো।

অন্যদিকে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এই ইস্যুতে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র কার্যত ‘অপমানিত’ হচ্ছে। ম্যার্ৎস সতর্ক করে বলেন, এই সংঘাত থেকে সম্মানজনকভাবে বের হওয়ার কোনো স্পষ্ট পথ বর্তমানে ওয়াশিংটনের সামনে নেই, বরং পরিস্থিতি তেহরানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।

সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় ম্যার্ৎস বলেন, “এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সংকট। সমস্যাটা হলো কোনো সংঘাতে শুধু ঢোকা নয়, সেখান থেকে বের হওয়ার পথও থাকতে হয়। আমরা আফগানিস্তানে ২০ বছর ধরে তা দেখেছি, ইরাকেও দেখেছি।”

তিনি আরও যোগ করেন, ইরানের কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছেন এবং তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছেন। তার মতে, ইরানের নেতৃত্ব এবং বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কৌশলের কাছে যুক্তরাষ্ট্র কোণঠাসা হয়ে পড়ছে।