ইরানে সশস্ত্র হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে এক সশস্ত্র হামলায় অন্তত ৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) প্রদেশের জাহেদান শহরে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জাহেদান শহরে পুলিশের একটি নিয়মিত টহলদল যখন দায়িত্ব পালন করছিল, তখন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা আচমকা তাদের ওপর গুলি চালায়। হামলার পরপরই ঘটনাস্থলে একজন পুলিশ সদস্য প্রাণ হারান এবং আরও তিনজন গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

সিস্তান-বালুচিস্তান প্রাদেশিক পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে ইতিমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলটি ভৌগোলিক ও কৌশলগত কারণে দীর্ঘদিন ধরেই অস্থির হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বা চোরাকারবারীদের সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তেহরান।