লিবিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকা ভেঙে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী। এই দুর্ঘটনায় আরও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বৃস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর তবরুকের (Tobruk) উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। নৌকাটি ভেঙে যাওয়ার পর প্রায় আট দিন ধরে উত্তাল সাগরে ভাসছিল। খবর পেয়ে লিবিয়ার নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল ও এর আশপাশ থেকে এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরে উদ্ধার অভিযান ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিখোঁজ ৯ জনের জীবিত ফেরার আর কোনো সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাঁদের মরদেহগুলো সাগরের ঢেউয়ের আঘাতে কোনো এক সময় তীরে ভেসে আসবে।
আফ্রিকার দারিদ্র্যপীড়িত সাব-সাহারান অঞ্চলের দেশগুলো থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কিন্তু বিপজ্জনক ট্রানজিট রুট। আফ্রিকা মহাদেশের ৪৭টি সাব-সাহারান দেশ থেকে আসা মানুষ উন্নত জীবনের আশায় প্রতি বছর প্রাণের ঝুঁকি নিয়ে এই পথে সাগর পাড়ি দেয়। উদ্ধার হওয়া ১৭ জনই ওই অঞ্চলের নাগরিক হলেও তারা ঠিক কোন দেশের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।সূত্র : রয়টার্স