ভারী বৃষ্টির কারণে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালের দেয়াল ধসে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।
বুধবার (২৯ এপ্রিল) শহরের বোওরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিলাবৃষ্টির সময় একটি দেয়ালের কাছে কয়েকজন আশ্রয় নেন। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে তারা আটকা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, এই দুর্ঘটনায় এক শিশু ও চারজন হকারসহ কেরালার আরো দু’জন নিহত হয়েছেন।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। সূত্র: এনডিটিভি, রয়টার্স