ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রতি আবারও নিজেদের শক্তিশালী অবস্থান ও পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন।
কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনের সাইড-লাইন বৈঠকে এই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।
সম্মেলন চলাকালীন ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালেই নিক এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানান যে, বেইজিং আগের মতোই ইরানকে তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সব ধরনের সমর্থন দিয়ে যাবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডং জুন বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিরসনে চীন অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।
তিনি আরও জোর দিয়ে বলেন যে, শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো কার্যকর প্রচেষ্টাকে চীন সমর্থন করবে এবং বিরোধ নিষ্পত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণ করা প্রয়োজন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উত্তেজনা হ্রাস এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে চীন সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত। বেইজিং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি গঠনমূলক ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।