মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে এবার লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্ভাব্য বৈঠকে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে দাবি করা হয়েছে, এই বৈঠকটি লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় সুযোগ হতে পারে। এছাড়া লেবানন এই সুযোগ গ্রহণ করলে মানবিক সহায়তা এবং পুনর্গঠন কাজে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ণ নিশ্চয়তা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। বিবৃতিতে দ্বিধা কাটিয়ে লেবাননকে সামনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের প্রেক্ষিতে ইতিবাচক কোনো সাড়া মেলেনি বৈরুত থেকে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিকট ভবিষ্যতে নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম তাঁর অবস্থানে অনড় রয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত না হওয়া পর্যন্ত বৈরুত কোনো ধরনের চুক্তিতে সই করবে না।
বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত বিরোধ ও ইসরায়েলি উপস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে গভীর অবিশ্বাস রয়েছে, তা সরাসরি বৈঠকের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাবকে লেবানন সরকার আপাতত তাদের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিতে নারাজ বলে প্রতীয়মান হচ্ছে।