আলোচনার মধ্যেই হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই ইরানের

শান্তি আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে তিনি স্পষ্ট করে জানান, বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্রের ওপর থেকে ইরানের আস্থা ‘পুরোপুরি নষ্ট’ হয়ে গেছে।

আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলারুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান অভিযোগ করেন, সংলাপ ও কূটনীতি ইরানের অগ্রাধিকার থাকলেও অতীতে আলোচনার টেবিলে থাকাবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুবার ইরানে হামলা চালিয়েছে। প্রথমটি ঘটেছিল ২০২৫ সালের জুনে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় এবং দ্বিতীয়টি গত ফেব্রুয়ারিতে। এই অভিজ্ঞতার আলোকেই ইরান আবারও হামলার আশঙ্কা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের জেরে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক উত্তেজনা চরমে পৌঁছায়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি এবং ১১ এপ্রিল ইসলামাবাদে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, তবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের দেওয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

ফোনালাপে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব।