হয় চুক্তি, নয়তো ইরানকে চিরতরে শেষ করে দেওয়া হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা আছে— হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসা, নয়তো চিরতরে শেষ হয়ে যাওয়া।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার তাঁকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেছেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প সোজাসুজি বলেন, 'হয় আমরা গিয়ে তাদের ওপর নরকের বিস্ফোরণ ঘটাব এবং তাদের চিরতরে শেষ করে দেব, অথবা আমরা চুক্তি করতে চাইব। এই দুটিই হলো আমাদের বিকল্প।' তবে তিনি এ-ও উল্লেখ করেন যে, মানবিক দিক বিবেচনা করে তিনি ইরানিদের ওপর সরাসরি বোমা হামলা চালাতে আগ্রহী নন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ইরানি নেতৃবৃন্দ চরম অভ্যন্তরীণ সংকটে রয়েছেন। তিনি বলেন, ইরান কিছুটা অগ্রগতি করলেও আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় পৌঁছানোর বিষয়ে তিনি নিশ্চিত নন।

ট্রাম্পের মতে, ইরানি নেতাদের মধ্যে ব্যাপক বিবাদ রয়েছে এবং তাঁরা তিন থেকে চার ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

তিনি আরও যোগ করেন যে, ইরানি নেতৃত্বের মধ্যে কোনো সমন্বয় নেই এবং তাঁরা নিজেদের মধ্যে 'তালগোল' পাকিয়ে ফেলেছেন। তবে অভ্যন্তরীণ কোন্দল থাকলেও ইরানের সব পক্ষই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: টাইমস অব ইসরায়েল