জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার

ন্যাটো মিত্র জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শুক্রবার (২ মে) পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিলো।

কয়েক দিন আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র বাক্যবিনিময় হয়। ইরান যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে বলে অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর। এই মন্তব্যের জেরে ট্রাম্প জার্মানি থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, যা এখন বাস্তবায়নের পথে।

বিশ্লেষকরা মনে করছেন, মিত্র দেশগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের দূরত্বের এটি একটি বড় বহিঃপ্রকাশ।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সেনা প্রত্যাহার প্রক্রিয়াটি হুট করে নয় বরং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হবে। আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে ৫ হাজার সেনাকে জার্মানি থেকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হবে বলে আশা করছে পেন্টাগন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউরোপের গুরুত্বপূর্ণ এই ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ন্যাটোর অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সূত্র: আল–জাজিরা