দীর্ঘ ৩৪ বছরের যাত্রার অবসান ঘটিয়ে অবিলম্বে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘স্পিরিট এয়ারলাইনস’। আকাশচুম্বী জ্বালানি তেলের দামে বাধ্য হয়ে অবশেষে নিজেদের কার্যক্রম চিরতরে বন্ধের ঘোষণা দিয়েছে বাজেট এয়ারলাইনসের এই প্রতিষ্ঠানটি।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়ে এই বিমান সংস্থাটি। গত দুই বছরেরও কম সময়ের মধ্যে স্পিরিট এয়ারলাইনস দুইবার দেউলিয়া হওয়ার আবেদন (Bankruptcy) করেছিল। সংস্থাটি মার্কিন সরকারের কাছ থেকে জরুরি আর্থিক সহায়তার (Bailout) চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। এই বিমান সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় ১৭,০০০ কর্মী তাদের কর্মসংস্থান হারিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। যুদ্ধের কারণে বৈশ্বিক শক্তি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে যে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, স্পিরিট এয়ারলাইনস তার অন্যতম শিকারে পরিণত হলো। সাধারণ মার্কিন নাগরিকদের জন্য সস্তায় আকাশপথের ভ্রমণের সুযোগ দেওয়া এই সংস্থাটি বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের এভিয়েশন খাতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পরিবহন ও সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। যুদ্ধের দীর্ঘসূত্রতা এমন আরও অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।