ইরানের কারাগারে বন্দী থাকা শান্তিতে নোবেলজয়ী বিশিষ্ট মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই অধিকারকর্মীর ফাউন্ডেশন শুক্রবার (১ মে) জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান কারাগারে থাকা অবস্থায় নার্গিস মোহাম্মদি দুবার জ্ঞান হারান। তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তার আইনজীবীদের মতে, গত মার্চের শেষের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সম্প্রতি আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে গেলে তাকে অত্যন্ত ফ্যাকাশে ও শীর্ণ দেখায় এবং একজন নার্সের সহায়তা ছাড়া তিনি হাঁটতে পারছিলেন না।
৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদি গত বছরের ১২ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ফেব্রুয়ারিতে ‘অপরাধ করার উদ্দেশ্যে সমবেত হওয়া’ এবং ‘যোগসাজশের’ অভিযোগে তাকে নতুন করে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। এর আগে তিনি ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা’ ও ‘নিরাপত্তা বিঘ্নিত করার’ অভিযোগে প্রায় ১৪ বছরের সাজা ভোগ করছিলেন। অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষের দিকে তাকে সাময়িক মুক্তি দেওয়া হলেও পরবর্তীতে পুনরায় তাকে কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মানবাধিকার ও নারী অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ নার্গিস মোহাম্মদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতা ও মানবাধিকার কর্মীরা।