গাজামুখী মানবিক সহায়তা বহনকারী নৌবহর থেকে আটক এক স্প্যানিশ-ফিলিস্তিনি কর্মীর মুক্তির দাবিতে কড়া অবস্থান নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ওই কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক জলসীমায় একটি আটককৃত নৌযান থেকে সাইফ আবু কেশেক-কে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হয়।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'স্পেন সরকার তার অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছে'- এবং এই অবস্থান তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-কে জানায়।
ঘটনার পর ইসরায়েলি আদালত তার আটকের মেয়াদ আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আদালত অধিবেশনে স্পেনের কনসাল তেল আবিবে উপস্থিত থেকে শুনানিতে অংশ নেন এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন বলে জানানো হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই আটক আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি অংশ হতে পারে। একই শুনানিতে ব্রাজিলের থিয়াগো আভিলা-এর আটকও আরও দুই দিন বাড়ানো হয়েছে বলে জানানো হয়। সূত্র: আলজাজিরা