ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামার দ্বীপে আঘাত হেনেছে ৬.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। সোমবার (৪ মে) দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ৯ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩.৩ কিলোমিটার গভীরে। উপকূলীয় শহর ‘সান জুলিয়ান’ থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে ছিল এর মূল কেন্দ্রস্থল।

শক্তিশালী এই কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বার্তা সংস্থা এএফপিকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পটি ছিল অত্যন্ত ‘প্রবল ও আকস্মিক’। কম্পনের চোটে পুলিশ স্টেশনের ছাদের একটি বিম ভেঙে গেছে এবং আসবাবপত্র লন্ডভন্ড হয়ে গেছে। আফটারশকের ভয়ে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান করেন।

ভূ-প্রকৃতিগত কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। গত অক্টোবর মাসেই দেশটির পূর্ব মিন্ডানাও দ্বীপে ৭.৪ এবং ৬.৭ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছিলেন। এর আগে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্পে সেবু প্রদেশে প্রাণ হারান ৭৬ জন এবং ধ্বংস হয় প্রায় ৭২ হাজার ঘরবাড়ি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই এমন বড় ধরণের ভূ-কম্পন অনুভূত হয়। মঙ্গলবারের এই কম্পনের পর স্থানীয় প্রশাসন উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রেখেছে।