ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। সোমবারের (৪ মে) এই ভয়াবহ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিনাস জেরাইস দমকল বিভাগের তথ্য অনুযায়ী, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি তিনতলা ভবনের ওপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় টিভি গ্লোবোর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নামার সময় উঁচু ভবনগুলো এড়াতে বাম দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত একটি ভবনের সিঁড়িঘরে আঘাত করে পাশের পার্কিং এলাকায় গিয়ে পড়ে।
দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন যাত্রী মারা যান। এছাড়াও বিমানে থাকা আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে। বিমানটি সরাসরি ভবনে আঘাত হানলেও ভবনের ভেতরে থাকা কোনো বাসিন্দা আহত হননি।
দেশটির দমকলকর্মীরা জানিয়েছেন, বিমানটি ভবনের সিঁড়িঘরে আঘাত করায় বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ভবনটি ধসে পড়ার কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই বলেও তারা নিশ্চিত করেছেন।
ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যমতে, ২০২৫ সালে দেশটিতে মোট ১৫৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে ৬২ জনের প্রাণহানি হয়। চলতি বছরের এই নতুন দুর্ঘটনা ব্রাজিলের বিমান সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।