মার্কিন নৌ-অবরোধ ভেঙে ইরানি জলসীমায় খালি তেলবাহী ট্যাঙ্কার

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ চলাকালীন অন্তত দুটি তেলবাহী ট্যাঙ্কার নিরাপত্তা বলয় ভেঙে ইরানি জলসীমায় প্রবেশ করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত ওয়েবসাইট 'ট্যাঙ্কারট্র্যাকার্স ডট কম' (TankerTrackers.com) বুধবার (৬ মে) এই তথ্য নিশ্চিত করেছে।

পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা তালিকায় থাকা 'ভিনা/ভ্যালি' (VINA/VALLEY, IMO: 9157478) নামক একটি এলপিজি ট্যাঙ্কার বুধবার মার্কিন নৌ-বাহিনীর তৈরি করা 'ব্লকেড পেরিমিটার' বা অবরোধ সীমা অতিক্রম করেছে। এই জাহাজটি নিয়মিতভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইরানের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে। এছাড়া আরও একটি বড় আকারের ইরানি তেলের ট্যাঙ্কার ওই এলাকায় পৌঁছেছে বলে জানা গেছে।  

ইরানকে যুদ্ধের সমাপ্তি এবং নতুন চুক্তিতে বাধ্য করতে গত এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটির উপকূলীয় এলাকায় নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধকে 'ইস্পাতের দেয়াল' হিসেবে বর্ণনা করে এর কার্যকারিতার প্রশংসা করেছিলেন। তবে নতুন এই ঘটনাটি মার্কিন সামরিক চাপের মুখেও ইরানের বিকল্প পথে জাহাজ পরিচালনার সক্ষমতাকে সামনে নিয়ে এসেছে।

ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, বর্তমানে এই ট্যাঙ্কারগুলো কোনো মালামাল বহন করছে না (Cargo-empty)। ধারণা করা হচ্ছে, এগুলো নতুন করে জ্বালানি সংগ্রহের জন্য ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) যদিও দাবি করছে যে তারা এ পর্যন্ত অর্ধশতাধিক জাহাজকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে, তবে লয়েডস লিস্ট (Lloyd's List)-এর মতো কিছু সংস্থার মতে, অন্তত ২৬টি জাহাজ এরই মধ্যে অবরোধ ফাঁকি দিতে সফল হয়েছে। সূত্র: আলজাজিরা