ইরানের রাজধানী তেহরানে ফের উত্তেজনার লক্ষণ দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা যায়।
এদিকে দেশটির দক্ষিণাঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিনাব শহরের গভর্নর নিশ্চিত করেছেন, সেখানে একটি নৌঘাঁটিতে হামলা হয়েছে।
অন্যদিকে বন্দর আব্বাস শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইরানের যৌথ সামরিক সদরদপ্তর জানিয়েছে, বন্দর খামির ও সিরিক এলাকাতেও হামলা চালানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র দুটি ইরানি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে একটি তেলবাহী ট্যাংকার এবং অন্যটি একটি সাধারণ জাহাজ। এতে আগে থেকেই জটিল পরিস্থিতিতে উত্তেজনা আরও বেড়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলার জবাবে তারা মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আঘাত হেনেছে।
তবে ইরানি সূত্রগুলো বলছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।
কিন্তু এই স্বাভাবিক অবস্থা কতদিন বজায় থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা