ওমান সাগরে তেল ট্যাংকার জব্দ করলো ইরান

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মাঝে ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ (Ocean Koi) নামে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরান। শুক্রবার (৮ মে) ইরানি নৌবাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বার্তাসংস্থা রয়টার্স ও ফার্স নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বার্বাডোজের পতাকাবাহী এই জাহাজটি মূলত ইরানেরই তেল বহন করছিল। তবে অভিযোগ উঠেছে, জাহাজটি বর্তমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু উপায়ে ইরানের তেল রপ্তানি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। যদিও ঠিক কীভাবে তারা এই ক্ষতি করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।

তদন্তে জানা গেছে, ‘ওশেন কোই’ নামক এই ট্যাংকারটি গত ফেব্রুয়ারি মাস থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। জব্দের পর ইরানি নৌ সেনারা জাহাজটিকে ওমান সাগর থেকে তাদের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে নিয়ে গেছে। বর্তমানে এটি ইরানি বিচারিক কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌবাহিনীর মধ্যে সরাসরি গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ওমান সাগরে এই জাহাজ জব্দের ঘটনা ঘটলো। ওমান সাগর মূলত আরব উপসাগরকে বিশ্বের অন্যান্য জলপথের সঙ্গে যুক্তকারী একমাত্র প্রধান রুট।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে একযোগে হামলা শুরু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। গত দুই মাসেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে এই পথটি পুনরায় উন্মুক্ত করার চেষ্টা করলেও এখন পর্যন্ত সফল হতে পারেনি। সূত্র: রয়টার্স