সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে নতুন করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) চালানো এই হামলায় দেশটিতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আজ দুটি ব্যালিস্টিক মিসাইল এবং তিনটি ড্রোন আমিরাতের আকাশসীমায় প্রবেশ করে। তবে দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense) সফলভাবে এগুলোকে মাঝ আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, মিসাইল ও ড্রোনের বিধ্বস্ত ধ্বংসাবশেষ বা শ্র্যাপনেল নিচে পড়ায় তিনজন সাধারণ মানুষ আহত হয়েছেন।
আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও এক চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা ইরানের ছোড়া মোট ৫৫১টি ব্যালিস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে।
এর আগে শুক্রবার সকালেই আমিরাত উপকূলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে যেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, সেখানে এই সংঘাতের মাত্রা তীব্রতর হচ্ছে।
দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক বলেন, ‘হরমুজ প্রণালি সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলোতে গত সোমবার থেকেই সংঘর্ষ চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আমিরাত এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
তবে উপকূলীয় এলাকায় উত্তেজনা থাকলেও আমিরাতের মূল ভূখণ্ড বা শহরগুলোতে এখন পর্যন্ত কোনো মিসাইল বা ড্রোন সরাসরি আঘাত হানতে পারেনি এবং কোনো সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়নি। সূত্র: আলজাজিরা