ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যোগসাজশ ও গোপন তৎপরতার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বড় ধরনের অভিযানের তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বাহরাইন সরকার জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের হয়ে কাজ করা এবং বাহরাইনের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মূলত ইরানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির সরকারের চলমান কঠোর ব্যবস্থার অংশ হিসেবেই এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে দেশটির ওপর সাম্প্রতিক ইরানি হামলায় কথিত সমর্থন দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ‘বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র’ এবং ইরানের প্রতি প্রকাশ্য সহানুভূতির অভিযোগ আনা হয়েছে।
বাহরাইনের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতেই মানামা এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।