আফগানিস্তানে 'পপি চাষ' উচ্ছেদে তালেবানের গুলি, নিহত ২

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে পপি বা আফিম চাষ উচ্ছেদকে কেন্দ্র করে তালেবান বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে তালেবান বাহিনীর গুলিতে অন্তত দুই গ্রামবাসী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) বাদাখশানের আতন জালো জেলার একটি গ্রামে পপি ক্ষেত ধ্বংস করতে যায় তালেবানের মাদকবিরোধী ফোর্স। এ সময় নিজেদের আয়ের প্রধান উৎস রক্ষায় চাষি ও স্থানীয় গ্রামবাসীরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তালেবান বাহিনী সরাসরি গুলি চালালে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

যুবক নিহত হওয়ার প্রতিবাদে শনিবার (৯ মে) আবারও বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষোভ দমনে তালেবান বাহিনী পুনরায় গুলি চালালে আব্দুল রহিম নামে এক বৃদ্ধ নিহত হন। প্রতিবাদ স্বরূপ গ্রামবাসী আব্দুল রহিমের মরদেহ বাদাখশান-তাখার মহাসড়কে রেখে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। তবে কিছুক্ষণ পর রাস্তাটি আবার তারা ছেড়ে দেন।

বাদাখশানের তালেবান পুলিশ কমান্ড দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা দাবি করেছে, মাদক কারবারীদের উস্কানির কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাদকবিরোধী ইউনিট সেখানে থাকা পপি উপড়ে ফেলতে যায়। এ সময় কিছু চাষী ও স্থানীয় গ্রামবাসী এতে বাধা দিতে আসেন। আর এতেই সংঘর্ষ বেধে যায়। পরে স্থানীয় গণমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতাদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়।

গ্রামবাসী অভিযোগ করেছেন, পপি ধ্বংসের অজুহাতে তালেবান সেনারা তাদের অত্যাচার করছিল।

উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পরই দেশটিতে পপি চাষ নিষিদ্ধ করে তালেবান। এই পপি থেকে হেরুইন উৎপাদন হয়। এর আগে মার্কিনিদের বিরুদ্ধে লড়াইয়ে অর্থের জন্য তালেবান নিজেরাই পপি চাষ করত। সূত্র: খামা প্রেস