মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে এবং পারমাণবিক উত্তেজনা কমাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, মস্কো কেবল এই ইউরেনিয়াম পরিবহনই নয়, বরং দীর্ঘমেয়াদে নিজেদের সুরক্ষিত ভল্টে মজুত রাখতেও প্রস্তুত।
শনিবার (৯ মে) মস্কোয় বিজয় দিবসের প্যারেড পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন।
রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই সময়ও রাশিয়া সফলভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং বর্তমান পরিস্থিতিতেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে তারা আগ্রহী। পুতিন দাবি করেন, যুদ্ধের সব পক্ষ শুরুতে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে প্রক্রিয়াটি থমকে যায়। ওয়াশিংটন দাবি করেছিল, এই ইউরেনিয়াম কেবল মার্কিন ভূখণ্ডেই রাখতে হবে, যা তেহরান প্রত্যাখ্যান করে।
পুতিন বলেন, রাশিয়া ওয়াশিংটন-তেহরান উভয় পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করছে। ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে আনলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) সহজেই এর পরিমাণ ও অবস্থানের ওপর নজরদারি করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার একটি পথ তৈরি হবে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর আস্থার সংকটের মুখে রাশিয়া এখানে একটি ‘বিকল্প পক্ষ’ বা মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরছে। তেহরান ওয়াশিংটনের চেয়ে মস্কোকে বেশি বিশ্বাস করায় পুতিনের এই প্রস্তাব একটি সম্ভাব্য সমাধানের সূত্র হতে পারে। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা