ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন

ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত সীমিত পরিসরের সামরিক কুচকাওয়াজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

ইউক্রেনে চলমান যুদ্ধকে রাশিয়া যেভাবে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করে, সে প্রসঙ্গ টেনে পুতিন বলেন, ‘আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে। ‘ একই সঙ্গে তিনি কিয়েভ সরকারকে পশ্চিমা দেশগুলোর সমর্থনেরও সমালোচনা করেন।

নিরাপত্তাজনিত আশঙ্কায় এবারের বার্ষিক সামরিক কুচকাওয়াজে আগের মতো ট্যাংক ও ক্ষেপণাস্ত্রের বড় প্রদর্শনী ছিল না। কর্তৃপক্ষ আশঙ্কা করছিল, ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রেড স্কয়ারকে লক্ষ্যবস্তু করতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে শেষ মুহূর্তে হওয়া যুদ্ধবিরতির কারণে সম্ভাব্য হামলার ঝুঁকি কমে যায় এবং কুচকাওয়াজ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়।

এর কয়েক ঘণ্টা আগেই বিজয় দিবসের ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধকে ‘ন্যায্য’ বলে উল্লেখ করেন।

সেই ভাষণে তিনি বলেন, রাশিয়া একটি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ লড়ছে এবং ইউক্রেনকে ‘আগ্রাসী শক্তি’ হিসেবে আখ্যা দেন, যাকে ‘পুরো ন্যাটো জোট অস্ত্র ও সমর্থন দিয়ে সহায়তা করছে’।

পরে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, তারা (পশ্চিমা দেশগুলো) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এরপর রাশিয়ার বিরুদ্ধে সংঘাত উসকে দিতে শুরু করে, যা আজও চলছে। আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে, তবে এটি অত্যন্ত গুরুতর বিষয়। সূত্র: বিবিসি