ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু।
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার রাত সোয়া ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ইডি সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলে ও আইনজীবীকে সাথে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন সুজিত বসু। সেখানে তাকে টানা সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডি কর্মকর্তাদের অভিযোগ, জেরার সময় তিনি তদন্তে সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের সাবেক দমকলমন্ত্রী ছিলেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।
অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি কর্মী নিয়োগে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন।
তবে সুজিত বসুর দাবি, এ মামলায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দাখিল করা অভিযোগপত্রে তার নাম নেই। তা সত্ত্বেও নোটিশ পেয়ে তিনি ইডির দপ্তরে হাজির হয়েছিলেন।
এর আগে একই মামলার তদন্তে সুজিত বসুর বাসভবন, কার্যালয় এবং তার মালিকানাধীন রেস্তোরাঁয় তল্লাশি চালায় ইডি। সূত্র : আনন্দবাজার পত্রিকা