মণিপুরে সশস্ত্র হামলায় কুকিদের ৩ গির্জা নেতাকে হত্যা

ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতার ঘটনায় তিন কুকি গির্জা নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

নিহত ব্যক্তিরা হলেন রেভারেন্ড ভি সিটলহৌ, রেভারেন্ড কাইগৌলেন এবং পাস্তর পাওগৌলেন। তারা সবাই থাদৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। কুকি সংগঠনগুলো জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে শান্তি ও সম্প্রদায়ের মধ্যে পুনর্মিলনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, চুরাচাঁদপুর থেকে কাংপোকপির দিকে ফেরার পথে কোটজিম ও কোটলেন এলাকার মাঝামাঝি তাদের বহনকারী দুটি গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। ওই সময় তারা গির্জা নেতাদের একটি বৈঠক থেকে ফিরছিলেন।

 

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখনও কাউকে সরাসরি দায়ী করা হয়নি, তদন্ত চলছে।

 

নিহত রেভারেন্ড ভি সিটলহৌ একসময় মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা রাখছিলেন। সম্প্রতি কোহিমায় দুই সম্প্রদায়ের মধ্যে পুনর্মিলনী বৈঠক আয়োজনেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

 

ঘটনার পর 'কুকি ইনপি মণিপুর' এক বিবৃতিতে এই হামলাকে নির্মম ও পরিকল্পিত বলে অভিহিত করেছে। সংগঠনটি জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট নামে একটি সশস্ত্র গোষ্ঠীকে সন্দেহ করলেও নিরাপত্তা বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

 

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বলেছেন, 'নিরীহ মানুষের ওপর এমন বর্বর হামলার কোনো স্থান সভ্য সমাজে নেই।'

 

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নতুন এই ঘটনায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।