ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন-এর জন্য তৈরি করা একটি গোয়েন্দা বিশ্লেষণ উদ্ধৃত করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং বর্তমানে ওয়াশিংটনের ওপর তার শ্রেষ্ঠত্ব বাড়াতে সব ধরনের সুযোগ কাজে লাগাচ্ছে। বিশেষ করে সামরিক কৌশল, বিশ্ব অর্থনীতি এবং কূটনৈতিক প্রভাব বিস্তারে চীন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ ‘হরমুজ প্রণালি’ অবরুদ্ধ হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যেসব দেশ জ্বালানি আমদানিতে চরম ভোগান্তিতে পড়েছে, বেইজিং তাদের পাশে দাঁড়িয়েছে। চীনের এই সহযোগিতামূলক অবস্থান দেশটিকে অনেক দেশের কাছে যুক্তরাষ্ট্রের চেয়ে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে ব্যস্ত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, চীন তখন সুকৌশলে তার অর্থনৈতিক ও কূটনৈতিক বলয় বড় করছে। হরমুজ প্রণালির সংকটের সমাধান এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চীনের ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই