ভারতের উত্তর প্রদেশে বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ শক্তিশালী ঝড়ে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার (১৩ মে) রাজ্যের ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চান্দৌলি ও সোনভদ্র জেলাসহ বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই কথা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, প্রবল ঝড়ের মধ্যে টিনের ছাউনি আঁকড়ে থাকা এক ব্যক্তি বাতাসে উড়ে যাচ্ছেন।
স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বারেলি জেলার ভামোরা এলাকার বাবিয়ানা গ্রামের বাসিন্দা নানহে মিঞা একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। হঠাৎ ঝড়ের তীব্রতা বেড়ে গেলে তিনি অনুষ্ঠানস্থলের একটি বড় টিনের চালের নিচে আশ্রয় নেন।
প্রতিবেদনে বলা হয়, ঝোড়ো বাতাসের গতি এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে টিনের কাঠামো দুলতে শুরু করে। নিজেকে রক্ষার চেষ্টা করতে গিয়ে টিনের চালার একটি অংশ শক্ত করে ধরে ছিলেন নানহে মিঞা। কিন্তু প্রবল ঝড়ে পুরো কাঠামো উপড়ে গেলে সেটির সঙ্গে তিনিও প্রায় ৫০ ফুট ওপরে আকাশে ছিটকে যান।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ড ধরে তিনি টিনের সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছেন। পরে প্রায় ৩০০ মিটার দূরের একটি মাঠে গিয়ে ছিটকে পড়েন।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বারেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুই হাত ও দুই পায়ে একাধিক হাড় ভেঙেছে। তবে আশ্চর্যজনকভাবে তিনি প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রাজ্যের এক ত্রাণ কর্মকর্তা রয়টার্সকে জানান, উপড়ে পড়া গাছ এবং ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।