জ্বালানি সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের জন্য সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহন ব্যবহারে সীমাবদ্ধতাসহ একাধিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছে দিল্লি সরকার।
বৃহস্পতিবার (১৪ মে) দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এসব সিদ্ধান্তের কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উত্তেজনার কারণে জ্বালানি পরিস্থিতির ওপর তৈরি হওয়া চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, শুক্রবার (১৫ মে) থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
জ্বালানি সাশ্রয় ও দক্ষ প্রশাসন নিশ্চিত করতে বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘মেরা ভারত মেরা যোগদান’ নামে একটি বিশেষ প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, প্রতি সোমবার ‘মান্ডে মেট্রো’ পালন করা হবে। এই নির্দিষ্ট দিনে মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সব সরকারি কর্মীরা ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো রেলে যাতায়াত করবেন।
এ ছাড়া দিল্লির সাধারণ জনগণকে সপ্তাহে অন্তত এক দিন ‘নো ভেহিকেল ডে’ পালনের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে সরকার।
সাশ্রয়ী নীতির অংশ হিসেবে সরকার আরও জানিয়েছে, আগামী ছয় মাস কোনো নতুন পেট্রোল, ডিজেল এমনকি বৈদ্যুতিক গাড়িও কেনা হবে না।