ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

পশ্চিমা দেশগুলোর মিথ্যা শ্রেষ্ঠত্বের দম্ভ গুঁড়িয়ে দিতে হবে

পশ্চিমা বিশ্বের 'মিথ্যা শ্রেষ্ঠত্ব' এবং 'অব্যাহতির সংস্কৃতি' বা দায়মুক্তির ধারণা ভেঙে দেওয়ার জন্য গ্লোবাল সাউথ তথা উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। 

সম্প্রতি ব্রিকস (BRICS) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই কড়া বার্তা দেন।

পার্সটুডে জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রিকস সদস্য দেশগুলোকে এর তীব্র নিন্দা জানানোর অনুরোধ করা হয়েছে। 

আব্বাস আরাকচি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে যে আধিপত্য বজায় রাখছে, তা সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘ভয়াবহ সহিংসতার মুখেও ইরানের জনগণ গর্বের সাথে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আমরা কি আমাদের স্বাধীনতার আদর্শ থেকে বিচ্যুত হয়েছি? আমরা কি সাম্রাজ্যবাদী শক্তির ইচ্ছা বা খেয়ালের কাছে নতি স্বীকার করেছি? উত্তরটি অত্যন্ত পরিষ্কার: আমরা তা করিনি এবং কখনও করবও না।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের এই লড়াই কেবল নিজেদের জন্য নয়, বরং একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ার লড়াই।’ 

ব্রিকস প্লাসভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইরান যে লড়াই লড়ছে তা আমাদের সকলের প্রতিরক্ষার জন্য সেই নতুন বিশ্বের জন্য যা আমরা একসাথে তৈরি করছি।’

উল্লেখ্য, ব্রিকস জোটে বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই আহ্বান পশ্চিমা বলয়ের বাইরে একটি শক্তিশালী বিকল্প বৈশ্বিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।