মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, চীন এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল আমদানিতে সম্মত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বড় ধরণের ব্যবসায়িক অগ্রগতির কথা ঘোষণা করেন।
ইরানের ওপর চীনের প্রভাব রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করবো।
ট্রাম্পের ভাষায়, জ্বালানিই চীনের সবচেয়ে বেশি প্রয়োজন। আর আমাদের কাছে সীমাহীন জ্বালানি রয়েছে।
এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এবারের বাণিজ্য আলোচনা ‘গতবারের চেয়ে ভালো’ হয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এই আলোচনা আগেরবার সই হওয়া ৩৬টি চুক্তির তুলনায় অনেক বড়।
ট্রাম্প জানান, চীন যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ কৃষিপণ্য কিনবে, যেমন সয়াবিন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পকে প্রশ্ন করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী চায়। জবাবে ট্রাম্প বলেন, আলোচনার জন্য অনেক বিষয় আছে, অনেক কিছু। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি। সূত্র: বিবিসি