লেবানন যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সম্মুখ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নিহতের সংখ্যা আরও বেড়েছে। শনিবার (১৬ মে) ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আরও এক সেনা কর্মকর্তার নিহতের খবর নিশ্চিত করেছে। এর ফলে গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

নিহত ওই সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন মাওজ ইসরায়েল রেকানাতি (২৪)। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইডিএফ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের ইতামার বসতির বাসিন্দা রেকানাতিকে মৃত্যুর পর লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এদিকে হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর ট্যাংক, বুলডোজার এবং সামরিক যানবাহনের ওপর জোরালো হামলা চালিয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী সুর, বিনতে জবেইল এবং নাবাতিয়েহ জেলার বিভিন্ন গ্রামে ব্যাপক বোমাবর্ষণ ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৬৯ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৯ হাজার ১১২ জন।

অন্যদিকে, হিজবুল্লাহ বর্তমানে প্রস্তাবিত শান্তি চুক্তিটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের চাপে লেবানন কর্তৃপক্ষ বিভিন্ন ছাড় দিতে চাইছে যা ইসরায়েলি দখলদারিত্বকে বৈধতা দেবে। হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দি মুক্তি এবং শর্তহীন পুনর্গঠন ছাড়া তারা কোনো চুক্তিতে যাবে না। উল্লেখ্য, গত ১৫ মে ওয়াশিংটনে ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হলেও স্থায়ী শান্তির পথ এখনো অনিশ্চিত।