যুদ্ধবিরতি নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা।

কাতারের রাজধানী দোহা থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যার মধ্যে অন্যতম প্রধান বিষয় ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যের যুদ্ধবিরতি ইস্যু।

ফোনালাপ চলাকালীন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক সাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে এই সংকটের মূল কারণগুলো দূর করা প্রয়োজন, যাতে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয় এবং ভবিষ্যতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়া রোধ করা যায়।