নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ স্কুলে সন্দেহভাজন ইসলামপন্থি জঙ্গিদের হামলায় অন্তত ১৭ জন শিক্ষানবিস পুলিশ কর্মকর্তা (ট্রেইনি পুলিশ) নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) গভীর রাতে বুনি ইয়াডিতে অবস্থিত ওই প্রশিক্ষণ কেন্দ্রে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জঙ্গিরা প্রশিক্ষণ স্কুলটি লক্ষ্য করে একাধিক দিক থেকে সমন্বিত আক্রমণ চালায়। জাতীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহত কর্মকর্তারা সেখানে বিশেষ অপারেশনাল প্রশিক্ষণ নিচ্ছিলেন। হামলার খবর পেয়ে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে নাইজেরীয় সেনাবাহিনী। এই সংঘর্ষে সেনাবাহিনীর বেশ কয়েকজন কনিষ্ঠ কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে হামলাকারীরাও। যৌথ বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে অন্তত ৫০ জন জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক সূত্র।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত ১৮ বছর ধরে কট্টরপন্থী ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। বোকো হারাম ও তাদের সমমনা গোষ্ঠীগুলোর এই দীর্ঘস্থায়ী বিদ্রোহে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। বুনি ইয়াডির এই হামলাটি সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর চালানো অন্যতম বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।