তেহরানে পেজেশকিয়ানের সঙ্গে মহসিন নাকভির বৈঠক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। তেহরানে পাকিস্তান দূতাবাস জানিয়েছে, শনিবার (১৬ মে) ইরানে পৌঁছানোর পর তিনি প্রায় তিন ঘণ্টা প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান করেন।

বৈঠকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও উপস্থিত ছিলেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক উদ্যোগ গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।

ইরানি ও পাকিস্তানি সূত্রগুলোর দাবি, বৈঠকে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে শনিবার (১৬ মে) তেহরানে পৌঁছালে মহসিন নাকভিকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় থাকায় এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।