ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার আহ্বান মার্কিন সিনেটরের

যুক্তরাষ্ট্রের শীর্ষ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের ওপর আরও কঠোর সামরিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। পারমাণবিক আলোচনায় ইরানকে মার্কিন শর্ত মানতে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরামর্শ দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে (NBC) দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, জ্বালানি অবকাঠামো হলো তাদের (ইরান) দুর্বলতম স্থান। যদি আবার লড়াই শুরু হয়, তবে আমি হামলার তালিকার শীর্ষে জ্বালানি খাতকে রাখব।

আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য স্থাপনায় হামলা নিষিদ্ধ থাকলেও গ্রাহাম তার অবস্থানে অনড়। তিনি মনে করেন, আগের কৌশলের পুনরাবৃত্তি করলে ফলাফল একই হবে। তার মতে, ইরান বর্তমানে আলোচনার নামে সময়ক্ষেপণ করছে।

সিনেটর গ্রাহাম আরও যোগ করেন, তাদের আরও বেশি আঘাত করুন। পর্যাপ্ত আঘাত পেলেই হয়তো তারা চুক্তিতে আসবে। বর্তমানে তারা আমাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গেম খেলছে। প্রেসিডেন্টের ভাষায় বলতে গেলে তারা উন্মাদ।

উল্লেখ্য, লিন্ডসে গ্রাহামের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে গুঞ্জন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি স্থাপনায় হামলার এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।