ট্রাম্পের হুমকির পর তেলের দাম বেড়েছে ২ শতাংশ

ইরানের সাথে শান্তি চুক্তির জন্য ‘সময় ফুরিয়ে আসছে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন চরম হুঁশিয়ারির পর সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১০.৭২ ডলারে দাঁড়িয়েছে (জিএমটি ৭:৩০ অনুযায়ী)। উল্লেখ্য, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মার্কিন বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’-এর দাম ১.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭.২৮ ডলারে পৌঁছেছে।

গতকাল রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করে বলেন, দ্রুত সমঝোতায় না এলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই মন্তব্য এবং ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাই মূলত বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, উত্তেজনা নিরসন না হলে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে। সূত্র: আলজাজিরা