ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক (Special Rapporteur) ফ্রান্সেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই নিষেধাজ্ঞা বাকস্বাধীনতার পরিপন্থী বলার এক সপ্তাহের মাথায় এই পদক্ষেপ নিল মার্কিন প্রশাসন।
বুধবার (২০ মে) মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত আপডেটে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) সংক্রান্ত তালিকা থেকে আলবানিজের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে, গত সপ্তাহে মার্কিন জেলা জজ রিচার্ড লিওন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। গত ফেব্রুয়ারিতে আলবানিজের স্বামী ও মেয়ের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। মামলায় অভিযোগ করা হয়েছিল, গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসমক্ষে সোচ্চার থাকার কারণে শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
বিচারক রিচার্ড লিওন তার রায়ে উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন মূলত আলবানিজের মতাদর্শ এবং বক্তব্যের কারণে তার বাকস্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। তিনি বলেন, আলবানিজে কেবল নিজের মতামত প্রকাশ করেছেন। আইসিসির (ICC) ওপর তার সুপারিশের কোনো বাধ্যতামূলক কার্যকারিতা নেই এটি স্রেফ তার নিজস্ব মতামত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করার পর ট্রাম্প প্রশাসন আলবানিজের বিরুদ্ধে "বিদ্বেষমূলক কার্যক্রম" এবং "আইনি যুদ্ধ" (Lawfare)-এর অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
গত সপ্তাহে আদালতের স্থগিতাদেশের পর এক বিবৃতিতে আলবানিজে তার স্বামী, সন্তান এবং পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, এই নিষেধাজ্ঞা মূলত তার মিশন বা দায়িত্বকে দুর্বল করার জন্য সুপরিকল্পিতভাবে দেওয়া হয়েছিল। সূত্র: আলজাজিরা