যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার হুমকির মুখে নিজেদের সামরিক শক্তি ও কঠোর অবস্থানের কথা জানান দিলো ইরান।
তেহরানের কাছে এমন কিছু অত্যাধুনিক ও আধুনিক অস্ত্র প্রস্তুত রয়েছে যা তারা এখনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন বা পরীক্ষা করেনি। রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় ইরানের প্রস্তুতি কেমন—এমন প্রশ্নের জবাবে ওই সামরিক কর্মকর্তা রুশ বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’কে বলেন, আমরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বেশ কিছু আধুনিক ও অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছি। এগুলো এখন পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং প্রকৃতপক্ষে এগুলোর কোনো পরীক্ষাও এখনো চালানো হয়নি।
যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো ধরনের উত্তেজনা বা সংঘাতের চরম পরিস্থিতির জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে ওই সূত্রটি জোর দিয়ে বলে, সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে আমাদের এমন কোনো ঘাটতি নেই, যা আমাদের দেশকে রক্ষা করতে বাধা সৃষ্টি করতে পারে।
মার্কিন প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে ওই কর্মকর্তা বলেন, এবার আর আমরা কোনো রকম সংযম দেখানোর পক্ষপাতী নই।