সামরিক জোট ন্যাটো এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং একক কোনো মিত্র—বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নিজেদের নির্ভরতা পর্যায়ক্রমে কমিয়ে আনছে।
সুইডেনে আয়োজিত ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ সম্মেলনে জোটের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) মার্ক রুট সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
মার্ক রুট বলেন, ইউরোপীয় মিত্ররা তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করায় এই কৌশলগত পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্যসব অগ্রাধিকারমূলক বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আরও বড় সুযোগ বা ক্ষেত্র তৈরি করে দেবে।
তিনি আরও বলে, এটি কেবল আমেরিকার ব্যয়ের সাথে সমতা আনার জন্যই প্রয়োজনীয় নয়, বরং আমাদের শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন তা যেন আমাদের কাছে থাকে, সেটি নিশ্চিত করার জন্যও জরুরি।
ন্যাটো মহাসচিবের এই মন্তব্যটি এমন এক সময়ে এলো, যখন ইরান যুদ্ধ চলাকালীন ন্যাটোর কিছু সদস্য দেশ তাদের সামরিক ঘাঁটিগুলো মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেয়নি বলে ওয়াশিংটনের পক্ষ থেকে সম্প্রতি তীব্র সমালোচনা করা হয়েছে।
এই প্রসঙ্গে মার্কিন ক্ষোভ কিছুটা প্রশমনের চেষ্টা করে রুট বলেন, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের ক্ষেত্রে ইউরোপীয় মিত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করে চলছে।
এর পাশাপাশি হরমুজ প্রণালিতে ইউরোপীয় মিত্রদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউরোপীয় মিত্র হিসেবে আমরা আমেরিকার জন্য সর্বোচ্চ সাহায্যকারী হতে পারি। সূত্র: আল জাজিরা