চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৮২

চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে অন্তত ৮২ জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও আরও ৯ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া দুর্ঘটনাস্থল থেকে জানিয়েছে, শানশি প্রদেশের তংঝৌ গ্রুপের আওতাধীন 'লিউশেনইউ কয়লাখনিতে' এই ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে, যা শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানশি প্রদেশের ওই খনিতে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে সুড়ঙ্গে মোট ২৪৭ জন শ্রমিক দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে বড় আকারের উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এই ঘটনার পরপরই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং খনির ভেতর আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে কোনো ধরনের প্রচেষ্টা বাকি না রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি সরকারকে এই দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খনি পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তাদের ইতিমধ্যেই আটক বা গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্যাস বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করা হয়নি।

২০০০-এর দশকের শুরুর দিকে চিনের কয়লা খনি শিল্পে এমন প্রাণঘাতী দুর্ঘটনা নিয়মিত চিত্র হলেও, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিরাপত্তা মানদণ্ড বেশ জোরদার করা হয়েছিল। এই ভয়াবহ সংকটের পর চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকাজে সহায়তার জন্য ৬টি বিশেষ দল থেকে ৩৪৫ জন সুদক্ষ কর্মী দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, চিকিৎসক ও প্যারামেডিকসহ বিপুল সংখ্যক উদ্ধারকর্মী অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: বিবিসি