ইরান পরিস্থিতির আশানুরূপ অগ্রগতি না হওয়ায় দেশটিতে নতুন করে বড় ধরনের সামরিক হামলার কথা বিবেচনা করছে মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এবং অ্যাক্সিওসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা ও চুক্তির ধীরগতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই হতাশ হয়ে পড়েছেন। সপ্তাহজুড়ে তার অবস্থান কূটনৈতিক সমাধান থেকে সরে গিয়ে নতুন সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে। এমনকি তিনি তার বড় ছেলের বিয়েতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সরকারি গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং দেশের প্রতি দায়িত্ববোধের কারণে এই মুহূর্তে তার ওয়াশিংটনে হোয়াইট হাউসে থাকা জরুরি।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ইরান যদি চূড়ান্ত কোনো চুক্তিতে না পৌঁছায়, তবে তার ফলাফল কী হতে পারে তা প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প একটি চূড়ান্ত ও ‘চূড়ান্ত সিদ্ধান্তমূলক’ সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন, যার মাধ্যমে তিনি জয় ঘোষণা করে এই সংঘাতের অবসান ঘটাতে পারেন।
এদিকে সিবিএস জানিয়েছে, সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তা তাদের ছুটির পরিকল্পনা বাতিল করেছেন। তবে সিবিএস এবং অ্যাক্সিওস উভয় গণমাধ্যমই স্পষ্ট করেছে যে, ইরানে নতুন হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।