খবর সংযোগ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) হাইস্কুলে পাস করা শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
রিচমন্ড পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান রিক এডওয়ার্ডস সংবাদ সম্মেলনে বলেন, ১৯ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে একটি থিয়েটারে হুগুনট হাইস্কুলের সনদ বিতরণ অনুষ্ঠান থেকে বের হওয়া লোকজনের ভিড়ের মধ্যেই গুলি করেন।
যুক্তরাষ্ট্রে স্কুল, বিপণি বিতান কিংবা গির্জার মতো জনসমাগমস্থলে বন্দুক হামলা নতুন কিছু নয়। ভার্জিনিয়ার ঘটনাটি নিয়ে দেশটিতে ২০২৩ সালের প্রথম ১৫৭ দিনে বন্দুক সহিংসতার ২৭৯টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ নামের একটি সংস্থা। সূত্র: আলজাজিরা।