বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ সফলভাবে পার হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী দুটি বিশাল জাহাজ। জাহাজ দুটি এখন যথাক্রমে পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে যাত্রা করছে।
সমুদ্রযান চলাচল সংক্রান্ত ট্র্যাকিং তথ্য বা মেরিটাইম ডেটার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সোমবার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
জাহাজ চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক ডেটাবেজ ‘কেপলার’ এবং ‘এলএসইজি’-এর তথ্য অনুযায়ী, বাহামার পতাকাবাহী ‘ফুওয়াইরিত’ নামের এলএনজি ট্যাংকারটি বর্তমানে হরমুজ প্রণালি অতিক্রম করছে। আগামীকাল মঙ্গলবার (২৬ মে) জাহাজটির পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে সেটি তার এলএনজি খালাস করবে।
উল্লেখ্য, এই জাহাজটি গত মার্চ মাসে কাতারের ‘রাস লাফান’ টার্মিনাল থেকে গ্যাস নিয়ে যাত্রা শুরু করেছিল।
রয়টার্স আরও জানিয়েছে, ‘আল রাইয়ান’ নামের দ্বিতীয় আরেকটি এলএনজি ট্যাংকারও একইভাবে এই কৌশলগত সমুদ্রপথ বা জলপথটি সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছে।
এই জাহাজটিও কাতারের রাস লাফান টার্মিনাল থেকে এলএনজি বোঝাই করেছিল। গত ২২ মে এটিকে সর্বশেষ পারস্য উপসাগরে দেখা গিয়েছিল। বর্তমানে জাহাজটি ওমান ও ইরানের মধ্যবর্তী জলসীমায় অর্থাৎ হরমুজ প্রণালির বাইরে অবস্থান করছে। আগামী ২৭ জুন জাহাজটি চীনে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা