যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না: ইরান

যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনার একটি বড় অংশের বিষয়ে ইরান চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে তেহরান। তবে এর অর্থ এই নয় যে এখনই কোনো চুক্তি সই হতে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এই তথ্য স্পষ্ট করেছেন।

ইসমাইল বাঘাই জানান, আমরা আলোচনার বেশিরভাগ বিষয়ের ওপর একটি রূপরেখায় পৌঁছেছি, এটি সত্য। কিন্তু এর মানে এই নয় যে চুক্তিতে স্বাক্ষর করা একেবারেই আসন্ন বা এখনই তা হয়ে যাচ্ছে।

চলমান কূটনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু স্পষ্ট করে মুখপাত্র বলেন, এই মুহূর্তে আলোচনার একমাত্র প্রধান লক্ষ্য ও মনোযোগ হলো যুদ্ধের অবসান ঘটানো। এই পর্যায়ে পারমাণবিক বিষয়ের খুঁটিনাটি বা বিস্তারিত বিবরণ নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না।

আমেরিকার চাপ ও প্রচারণার সমালোচনা করে বাঘাই বলেন, হুমকি, চাপ সৃষ্টি, নিজেদের মতো করে পরিস্থিতি উপস্থাপন করা কিংবা ব্যঙ্গচিত্র বা কার্টুন প্রকাশ করা—এগুলো বিশ্বের ওই অঞ্চলের রাজনীতিরই একটা অংশ। আমরা আমাদের কাজ বাস্তব ময়দানের পদক্ষেপের ওপর ভিত্তি করেই চালিয়ে যাচ্ছি। প্রতিপক্ষের ধারণা বা তারা কীভাবে বিষয়টিকে চিত্রায়িত করছে তা বিবেচনা না করে, আমরা কেবল বাস্তব সত্যকেই দেখছি। সূত্র: আল জাজিরা

শত্রুর স্টাইল অনুকরণ করবে না তেহরান:
নিজেদের নীতি ও সার্বভৌমত্বের কথা উল্লেখ করে ইরানের এই মুখপাত্র বলেন, "আমরা ইরানের জাতীয় স্বার্থ রক্ষার জন্য সবচেয়ে সেরা পদ্ধতিটি তৈরি এবং তা এগিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করেছি। যেখানেই প্রয়োজন হবে, আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব। আমাদের নিজস্ব একটি নিজস্ব শৈলী বা স্টাইল রয়েছে এবং আমরা কোনোভাবেই শত্রুর স্টাইল ও দৃষ্টিভঙ্গি অনুকরণ বা কপি করতে যাচ্ছি না।"

তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আরও যোগ করেন, "একটি সভ্য, মার্জিত এবং শক্তিশালী জাতি হিসেবে, আমরা যেখানেই প্রয়োজন মনে করব এবং যেভাবে উপযুক্ত বলে বিবেচনা করব, ঠিক সেভাবেই শত্রুকে জবাব দেব—যেমনটা আমরা আগেও করে দেখিয়েছি।"