দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার কারণে চলমান শান্তি আলোচনা একবারে ভেস্তে যাবে বলে মনে করেন না সাবেক মার্কিন কূটনীতিক ও পেন্টাগন কর্মকর্তা অ্যাডাম ক্লেমেন্টস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
অ্যাডাম ক্লেমেন্টস জানান, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত এই হামলার মাধ্যমে হরমুজ প্রণালি এবং এর আশেপাশে ইরানের সামুদ্রিক সামরিক সক্ষমতা ও সম্পদ কেমন রয়েছে, তা বোঝার চেষ্টা করছে এবং এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্রপথে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত ইরানি নৌকাগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনীর চালানো হামলার প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, মনে হচ্ছে এই তথ্যের ওপর ভিত্তি করেই আমেরিকা পদক্ষেপ নিয়েছে।
হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের মাইন স্থাপনের চেষ্টা সংক্রান্ত মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অভিযোগের বিষয়ে ক্লেমেন্টস বলেন, ইরানি বাহিনীর এ ধরণের যেকোনো পদক্ষেপ নিশ্চিতভাবেই একটি 'মারাত্মক বা প্রাণঘাতী প্রতিক্রিয়া' ডেকে আনবে।
তিনি আরও যোগ করেন, আমেরিকা যে এই পরিস্থিতিতে এমন কঠোর পদক্ষেপ নেবে, তা ইরানিদের জন্য মোটেও আশ্চর্যজনক হওয়া উচিত নয়। সূত্র: আল জাজিরা