যুদ্ধ বন্ধের চুক্তি নিশ্চিত করার বিনিময়ে ইরানকে বিপুল অর্থ ‘প্রস্তাব’ বা দেওয়ার যে খবর ছড়ানো হচ্ছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কাতার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা এই সম্ভাব্য শান্তি চুক্তিটি ভণ্ডুল করতে চায়, তারাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরণের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
মুখপাত্র মাজেদ আল-আনসারি স্পষ্টভাবে বলেন, চুক্তি নিশ্চিত করতে ইরানকে অর্থ দেওয়ার যে গুঞ্জন বা গুজব ছড়ানো হচ্ছে, তা মূলত এমন কিছু পক্ষ ছড়াচ্ছে যারা এই চুক্তিটিকে পুরোপুরি সাবোটাজ বা ভণ্ডুল করতে চায়।
তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলমান যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তাকে দুর্বল ও নস্যাৎ করাই এই অপপ্রচারের মূল উদ্দেশ্য।
শান্তি আলোচনায় নিজেদের ভূমিকা স্পষ্ট করে আল-আনসারি এক্সে লেখেন, "আঞ্চলিক অংশীদারদের সাথে সমন্বয় করে শান্তি প্রতিষ্ঠায় কাতারের যে কূটনৈতিক ভূমিকা, তা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং প্রকাশ্যে নথিবদ্ধ।" অর্থাৎ, কাতার কোনো গোপন লেনদেন নয়, বরং নিয়মতান্ত্রিক ও প্রকাশ্য কূটনীতির মাধ্যমেই এই সংকটের সমাধান চাইছে।