ইরানে নতুন হামলার কারণ জানালো সেন্টকম

দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাটি মূলত ওই অঞ্চলে আমেরিকার সামরিক শক্তি যে এখনো ‘কমে যায়নি বা চলে যায়নি’—তেহরানকে সেই বার্তাই মনে করিয়ে দিচ্ছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, এই পদক্ষেপটি মূলত মার্কিন সৈন্যদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছিল। তবে মার্কিন বাহিনীর ওপর কোনো সরাসরি হামলা চালানো হয়েছিল—এমন কোনো দাবি তারা করেনি।

মার্কিন সামরিক বাহিনীর অভিযোগ, তারা মূলত ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত থাকতে পারে—এমন কিছু বোট বা নৌযানকে লক্ষ্য করে এই প্রতিরোধমূলক ব্যবস্থা বা আগাম হামলা চালিয়েছে, যাতে ওই অঞ্চলে থাকা তাদের সেনাদের সুরক্ষিত রাখা যায়।

এর আগেও যুদ্ধবিরতির একদম শুরুর দিকে এই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময়েও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল যে, এই ধরনের ঘটনা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বা চুক্তি ভঙ্গ হিসেবে গণ্য হবে না, কারণ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চলতি সপ্তাহের এই নতুন হামলার ঘটনাতেও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে, তাদের কোনো সেনা সদস্য আহত বা নিহত হননি। ফলে এটি স্পষ্ট যে, এই ঘটনাটি আবারও যুদ্ধবিরতি ভঙ্গের পর্যায়ে পৌঁছাবে না। যার কারণে বিভিন্ন দেশের অংশগ্রহণে বর্তমানে যে শান্তি আলোচনা চলছে, তা লাইনচ্যুত বা ভেস্তে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

তবে এটি নিশ্চিত যে, এই হামলা দুই দেশের জন্যই একটি অত্যন্ত উদ্বেগজনক মুহূর্ত তৈরি করেছে এবং এটি মনে করিয়ে দিচ্ছে যে, ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর শক্তিমত্তা এখনো আগের মতোই বজায় রয়েছে। সূত্র: আল জাজিরা