প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে পাকিস্তান কোনোভাবেই যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। 

তিনি উল্লেখ করেছেন, তেল আবিবের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক বিশ্বাস এবং মৌলিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।

ইরানি বার্তা সংস্থা ‘ইরনা’র বরাত দিয়ে রেডিও পার্সটুডে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আদর্শের পরিপন্থী চুক্তিতে যাবে না ইসলামাবাদ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ‘আমাদের এমন কোনো চুক্তিতে অংশ নেওয়া উচিত নয়, যা পাকিস্তানের মৌলিক আদর্শ ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক।’

ইসরায়েলের ওপর অনাস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা এমন লোকদের সঙ্গে কীভাবে আলোচনার টেবিলে বসতে পারি, যাদের কথা একটি দিনের জন্যও বিশ্বাস করা যায় না? এটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

পাকিস্তানি পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ

পাকিস্তানের দীর্ঘদিনের অনড় কূটনৈতিক অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন,‘পাকিস্তানি জনগণের পাসপোর্টে স্পষ্ট লেখা থাকে যে এটি ইসরায়েল ভ্রমণের জন্য বৈধ নয়। দেশটির সরকার ও জনগণের দৃষ্টিভঙ্গি বরাবরই ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে।’

মার্কিন চাপ প্রত্যাখ্যান পাকিস্তানের

এদিকে পাকিস্তানের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অনুরোধ বা প্রস্তাব এসেছিল। তবে ইসলামাবাদ স্পষ্ট ও জোরালো ভাষায় ওয়াশিংটনের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

সূত্রটি আরও জানায়, ইসলামাবাদ ওয়াশিংটনের এই পদক্ষেপকে একটি ‘অন্যায্য চাপ’ হিসেবে দেখছে। 
পাকিস্তানের মতে, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি’ কূটনীতির অপব্যবহার করে মার্কিন প্রশাসন এই অঞ্চলের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাধ্য করার অপচেষ্টা চালাচ্ছে।