হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় একটি মার্কিন তেলবাহী ট্যাংকারকে ধাওয়া দিয়ে ফিরিয়ে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি)।
বৃহস্পতিবার ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একটি নির্ভরযোগ্য সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা আগে একটি মার্কিন তেলবাহী ট্যাংকার ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়ে গোপনে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে আইআরজিসি নেভি অত্যন্ত দ্রুত ও জোরালো পদক্ষেপ গ্রহণ করে। একপর্যায়ে মার্কিন জাহাজটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়লে ট্যাংকারটি থামতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত পিছু হটে।
সামরিক সূত্রটি আরও জানিয়েছে, এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনী বন্দর আব্বাস নগরীর কাছে একটি উন্মুক্ত স্থানে পাল্টা গুলি চালায়। এর আগে ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, তা মূলত এই সংঘর্ষেরই অংশ ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, বন্দর আব্বাস নগরীর পূর্ব দিক থেকে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ঐতিহাসিক নির্দেশনা অনুযায়ী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কড়া নজরদারি বজায় রাখছে আইআরজিসি। গত ২০ মে এই জলপথের তদারকি অঞ্চলের সীমানাও সুনির্দিষ্ট করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এরপর থেকে ইরানের নিজস্ব নির্দেশনা মেনে এবং অনুমতিপত্র নিয়ে বেশ কিছু জাহাজ এই রুট দিয়ে চলাচল করলেও, মার্কিন এই ট্যাংকারটি অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো।