মুসলিম জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (২৭ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে পুতিনের শুভেচ্ছা বার্তা তুলে ধরেছে বাংলাদেশে অবস্থিত রুশ দূতাবাস।
এতে বলা হয়, ‘আপনাদের পূর্বপুরুষদের আদর্শ ও শতাব্দীপ্রাচীন ঐতিহ্য অনুসরণ করে আপনারা ব্যাপকভাবে এই প্রাচীন ধর্মীয় উৎসব উদযাপন করেন, যা বিশ্বাসীদের ইসলামের শিকড়ের সঙ্গে পুনরায় সংযুক্ত করে এবং দয়া ও ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মভীরুতার আহ্বান জানায়।’
শুভেচ্ছা বার্তায় পুতিন বলেছেন, আমি উল্লেখ করতে চাই যে, মুসলিম সংগঠনগুলো আমাদের দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। তারা পারিবারিক মূল্যবোধ সুদৃঢ় করা, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা ও দাতব্য কার্যক্রম বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অবশ্যই, মাতৃভূমির রক্ষকদের পাশাপাশি তাদের পরিবার ও স্বজনদের সহায়তায় আপনাদের অর্থবহ প্রচেষ্টা গভীর প্রশংসার দাবিদার।
বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।