ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ বুশেহরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনটিকে গুলি করে নামায় বলে জানিয়েছে দেশটির সামরিক সংশ্লিষ্ট সূত্র। ঘটনার পরপরই এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেন, রাতের ঘটনাটি শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ইরানের উপসাগরীয় উপকূলে অবস্থিত বুশেহর অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও সেখানে বিদেশি ড্রোন শনাক্ত ও ধ্বংস করার ঘটনা ঘটেছে। ফলে নতুন এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে, একই রাতে ইরানের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরও প্রকাশ করে তাসনিম নিউজ। সংবাদমাধ্যমটি জানায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তু উদ্দেশ্য করে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তু কোথায় ছিল কিংবা হামলার উদ্দেশ্য কী- এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ড্রোন ভূপাতিতের ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। সূত্র: তাসনিম নিউজ